ব্রিটিশ নাবালিকাকে যৌন হেনস্থায় ভারতীয়র জেল

নয়াদিল্লি থেকে লন্ডনগামী বিমানে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ৩৮ বছরের মদ্যপ ভারতীয়র চার মাস জেলের সাজা দিল ব্রিটেনের আদালত। এছাড়াও আগামী সাত বছর তাকে যৌন অপরাধীর তালিকায় রাখারও নির্দেশ দিয়েছে আদালত।
লেইসেস্টর শহরের মনজিত সিংহ সিধু নামের ওই ব্যক্তি বিমানে মত্ত অবস্থায় ১৪ বছরের এক ছাত্রীকে যৌন প্রস্তাব দিয়েছিল। ওই বিমানেই অভিযুক্তের পিছনের সিটে বসেছিল ছাত্রীটি। ভারতে শিক্ষামূলক ভ্রমণ শেষ করে বন্ধু ও শিক্ষিকাদের সঙ্গে দেশে ফিরছিল মেয়েটি।
মনজিত ছাত্রীটিকে উত্যক্ত করে ব্যাংককের কুখ্যাত যৌনপল্লী, পতিতালয়, ট্রান্সসেক্স, ও মাদক দ্রব্য নিয়ে কথা বলছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীটি নিজ বয়ানে আদালতকে একথাই জানিয়েছে। সিধু যখন তাকে ওই সব কথা বলছিল তখন সে বিরক্ত হয়ে হেড ফোন কানে দিয়ে মোবাইলে একটি ছবি দেখতে থাকে।
কিন্তু তাতেও রেহাই দেয়নি সিধু। ক্রমাগত মেয়েটির গায়ের ওপর নিজের শরীর এলিয়ে দিতে থাকে ওই অভিযুক্ত।
এছাড়াও মেয়েটির মাথায়, চুলে, গলায়, মুখে হাত দিয়ে বেশ কয়েকবার তাকে উত্যক্ত করার চেষ্টা করে বলে অভিযোগ জানিয়েছে ছাত্রীটি।
এরপরই সমস্ত ঘটনা স্কুলের শিক্ষিকাদের জানায় মেয়েটি।
প্রসিকিউটর ররি কেন জানিয়েছেন, এরপর বিমানের কর্মীরা সিধুকে বাধা দেয়ার চেষ্টা করে। সে ক্রমাগত মদপান করছিল। কর্মীরা তাকে মদ দেয়া বন্ধ করলে সে অন্য এক যাত্রীর নামে অর্ডার করে।
হিথরো বিমানবন্দরে পৌঁছানোর পরই সিধুকে গ্রেফতার করে পুলিশ। সিধু বিমানে মত্ত অবস্থায় থাকার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button