বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের নির্বাচন সম্পন্ন
বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন সোমবার পূর্ব লন্ডনের আল খায়ের ফাউন্ডেশন হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়খ আবুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের সাবেক চেয়ারম্যান আয়ুব খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ এবং সমাজসেবী আব্দুল মালিক।
সভায় ২০২৪-২০২৫ সেশনের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান এবং ট্রেজারার আহমেদ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ আবুল হোসাইন খান বলেন, “সমাজের জন্য কাজ করার মূল উদ্দেশ্য যদি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তাহলে সেই সমাজ অবশ্যই ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজের কল্যাণ সাধিত হয়। প্রত্যেক মুমিনের উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করা।”
বিশেষ অতিথির বক্তব্যে তাইসির মাহমুদ বলেন, “নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করলে তা সমাজের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং নেতৃত্ব আরও দায়িত্বশীল হয়। বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে তাদের কার্যক্রমের মাধ্যমে সমাজ ও দেশের প্রতি ভালোবাসার প্রমাণ রাখবে বলে আমি আশাবাদী।” তিনি একটি ব্যতিক্রমধর্মী ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সাধারণ সভা শেষে ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন শায়খ আবুল হোসাইন খান, ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান আয়ুব খান এবং আব্দুল মালিক।
নির্বাচনে ভোটের মাধ্যমে মুহাম্মদ আখনু হুসাইনকে প্রেসিডেন্ট ঘোষণা করে ৯ সদস্যবিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন— আব্দুল্লাহ আল মুনিম, আবু বক্কর, কয়েস আহমেদ, মুহাম্মদ আখনু হুসাইন, মুহাম্মদ আহমাদুল হক কাজল, মুহাম্মদ আব্দুল মজিদ, মুহাম্মদ বাবুল, নুরুজ্জামান জুনিয়র ও নুরুজ্জামান সিনিয়র।
সভায় সংগঠনের নতুন তিন সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।
এক্সিকিউটিভ কমিটির সদস্যরা আলোচনার মাধ্যমে জেনারেল সেক্রেটারি ও ট্রেজারার নির্বাচন করবেন বলে সভায় জানানো হয়।



