প্রথম ধাপে ১০৯ কাউন্সিল হোম
স্টেপনি গ্রিনে ৪০৭টি ঘর নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন
‘এটি আমাদের উচ্চাভিলাষী হাউজিং কর্মসূচির আরেকটি মাইলফলক’
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের “মেয়রস এক্সিলারেটেড হাউজিং প্রজেক্ট” (এইচএপি) এর উচ্চাভিলাষী কর্মসূচির আওতায় অত্যন্ত প্রয়োজনীয় বাড়িঘর নির্মাণের লক্ষ্যে স্টেপনি গ্রিনে হ্যারিয়ট, অ্যাপসলি ও প্যাটিসন হাউস পুনর্নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায়ের মূল নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকল্পের আওতায় দুই পর্যায়ে মোট ৪০৭টি নতুন বাসস্থান নির্মাণ করা হবে। আবাসনের পাশাপাশি থাকছে একটি নতুন কমিউনিটি সেন্টার, উন্নত পাবলিক রিয়াম বা জনসাধারণের ব্যবহারযোগ্য উন্মুক্ত স্থান এবং পুরো এলাকা জুড়ে যোগাযোগ ও সংযোগ ব্যবস্থার উন্নয়ন।
প্রথম পর্যায়ে নতুন কমিউনিটি সেন্টারের প্রথম ধাপও নির্মিত হবে। ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে, যার ফলে এখন দুটি আবাসিক ভবন নির্মাণ করা যাবে। এই দুই ভবনেই থাকবে ১০৯টি নতুন বাসস্থান, যার মধ্যে বর্তমান বাসিন্দাদের জন্য পুণঃআবাসনের ব্যবস্থাও রয়েছে।
২৪ সেপ্টেম্বর প্রকল্পস্থলে আয়োজিত গ্রাউন্ড ব্রেকিং অর্থাৎ খননকাজের মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়। ২০২৯ সালে নতুন বাসস্থানে প্রথম বাসিন্দাদের ওঠার কথা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং হাউজিং বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাঈদ আহমেদ। কাউন্সিলের হাউজিং বিষয়ক কর্পোরেট ডিরেক্টর ডেভিড জয়েস সহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এবং কাউন্সিলের নির্মাণ পার্টনার প্রতিষ্ঠান ভিস্ট্রির এমডিসহ প্রতিনিধিরাও এতে যোগ দেন।
এ বছরের শুরুতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও নির্মাণকারী কোম্পানী ভিস্ট্রির মধ্যে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং প্রথম পর্যায়ের নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে প্রকল্পটির দীর্ঘমেয়াদি বাস্তবায়ন নিশ্চিত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
নির্মাণকালে স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থান, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। ভিস্ট্রি স্থানীয় স্কুল, কলেজ ও কমিউনিটি সংগঠনের সঙ্গে মিলে দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং কাউন্সিলের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য উদ্যোগে সহায়তা করবে।
নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটস ভবিষ্যতের জন্য নির্মাণ করছে। লন্ডনে যখন প্রকৃত অর্থে সাশ্রয়ী মূল্যের বাসস্থানের তীব্র প্রয়োজন, তখন স্থানীয় পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় উচ্চমানের কাউন্সিল হাউজিং আমরা বাস্তবে রূপ দিচ্ছি।” তিনি আরও বলেন, “স্টেপনি গ্রিনে নির্মাণকাজ শুরু হওয়া আমাদের উচ্চাভিলাষী গৃহনির্মাণ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের অঙ্গীকার শুধু আরও বাসস্থান নির্মাণ নয়, বরং এমন শক্তিশালী ও প্রাণবন্ত নেইবারহুড বা পাড়া গড়ে তোলা, যেখানে আমাদের কমিউনিটির প্রাপ্য সুযোগ-সুবিধা ও পাবলিক স্পেস থাকবে।”
কাউন্সিলর সাঈদ আহমেদ বলেন, “এইচএপি পুনর্নির্মাণ কর্মসূচির জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে সেই বাসিন্দা ও কমিউনিটির জন্য, যাঁরা এর ভবিষ্যৎ গড়তে ভূমিকা রেখেছেন।”
তিনি বলেন, “প্রথম পর্যায়ে ১০৯টি নতুন কাউন্সিল হোম নির্মিত হবে, যার মধ্যে বর্তমান বাসিন্দাদের জন্য প্রতিস্থাপন বাসস্থানও রয়েছে। সঙ্গে থাকবে নতুন কমিউনিটি সুবিধা এবং আশপাশের এলাকার উন্নয়ন। নির্মাণকাল জুড়ে বাসিন্দা ও ভিস্ট্রির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে এই পুনর্নির্মাণ স্থানীয় কমিউনিটির জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনে, উন্নত বাসস্থান ও পাবলিক স্পেস থেকে শুরু করে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের সুযোগ পর্যন্ত।”
ভিস্ট্রি ইস্ট লন্ডন এর ব্যবস্থাপনা পরিচালক কেভিন ডেলভ বলেন, “প্রথম পর্যায়ের কাজ শুরু করা এই প্রকল্প গড়ে তোলার সঙ্গে জড়িত সবার জন্য গর্বের মুহূর্ত। এটি ভিস্ট্রি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যকার অংশীদারিত্বের শক্তিরও প্রতিফলন।” তিনি জানান, “প্রস্তুতিমূলক কাজ সফলভাবে সম্পন্ন হওয়া এবং গেটওয়ে ২ অনুমোদন পাওয়ায় আমরা আত্মবিশ্বাসের সঙ্গে নির্মাণে এগোতে পেরেছি। আগামী কয়েক মাসে বাসিন্দারা নতুন বাসস্থান ও কমিউনিটি সুবিধাগুলো আকার নিতে দেখতে পাবেন।”
তিনি আরও বলেন, “উচ্চমানের নতুন বাসস্থান দেওয়ার পাশাপাশি আমরা কর্মসংস্থান, শিক্ষানবিশ, প্রশিক্ষণের সুযোগ এবং বৃহত্তর সামাজিক মূল্য সৃষ্টির উদ্যোগের মাধ্যমে বরোজুড়ে মানুষের উপকার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”



