ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা
তারক মুসলিম সেন্টারে উৎসবমুখর পরিবেশে কমিউনিটি ওপেন ডে অনুষ্ঠিত
ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বত:স্ফুর্ত উপস্থিতি
যুক্তরাজ্যের তারক মুসলিম সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কমিউনিটি ওপেন ডে। রোববার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়।
কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, বোঝাপড়া ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবার ও শিশুরা অনুষ্ঠানে অংশ নিয়ে দিনটি উপভোগ করেন।
অনুষ্ঠানে ছিল ১৪টি খাবার ও পোশাকের স্টল, শিশুদের জন্য বিনোদনমূলক বিভিন্ন আয়োজন এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রম। এসব আয়োজনে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
তারক মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ সিরাজ আলী (Hon)-এর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং সেক্রেটারি নাফি আহমেদ চৌধুরী ও আহমেদ রেজা চৌধুরী-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম, সাবেক মেয়র ও কাউন্সিলর কায়সার আব্বাস, ভাইস-চেয়ারম্যান মুরাদ আহমেদ চৌধুরী, লুৎফুর রহমান ও শায়েস্তা মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার আশাফ আলী, সহকারী ট্রেজারার সাখাওয়াত হোসাইন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল রশিদ, ইমাম হাফিজ মাওলানা সৈয়দ আসিফ আহমদ, মোহাম্মদ ওয়াহিদ হক, হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, কমিটি সদস্য সুহাব মিয়া, আইটি বিশেষজ্ঞ মাওলানা নোমান আহমদ এবং দ্য সানরাইজ টুডে-এর ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়া। এছাড়া মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় কমিউনিটির অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তারক মুসলিম সেন্টার স্থানীয় কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
সফল ও প্রাণবন্ত এ কমিউনিটি ওপেন ডে স্থানীয় মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তারক মুসলিম সেন্টারের সামাজিক ও কমিউনিটি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।



