সোনালী অতীত ইউকের ১২তম বৃহত্তর সিলেট উপজেলা কাপ সম্পন্ন: ৫মবারের মতো চ্যাম্পিয়ন বিশ্বনাথ

গত ৩০ আগস্ট (রবিবার), লন্ডনের ডেগেনহামের ববি মোর স্পোর্টস হাবে সোনালী অতীত ইউকের আয়োজনে অনুষ্ঠিত হলো বৃহত্তর সিলেট উপজেলা কাপ ২০২৬। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় বহুল প্রতীক্ষিত এই ফুটবল টুর্নামেন্ট। খেলা উপভোগ করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
এবারের প্রতিযোগিতায় বৃহত্তর সিলেটের ১৭টি উপজেলার দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো— জগন্নাথপুর, দিরাই, ছাতক, ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, বানিয়াচং, নবীগঞ্জ, বালাগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, রাজনগর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, বিশ্বনাথ ও হবিগঞ্জ।
গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে প্রথম কোয়ার্টার ফাইনালে জগন্নাথপুর ৩–১ গোলে বালাগঞ্জকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ওসমানীনগর ২–০ গোলে ছাতককে, তৃতীয় কোয়ার্টার ফাইনালে গোলাপগঞ্জ ১–০ গোলে দক্ষিণ সুনামগঞ্জকে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিশ্বনাথ ২–১ গোলে বিয়ানীবাজারকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জগন্নাথপুর ৪–১ গোলে গোলাপগঞ্জকে এবং দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বনাথ ১–০ গোলে ওসমানীনগরকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
রোমাঞ্চকর ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বিশ্বনাথ ১–০ গোলে জগন্নাথপুরকে পরাজিত করে। এর মাধ্যমে বিশ্বনাথ ৫মবারের মতো বৃহত্তর সিলেট উপজেলা কাপের শিরোপা জয় করে।
খেলা উপভোগ করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে হাজার হাজার দর্শক পরিবার-পরিজন নিয়ে উপস্থিত হন। সারাদিনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত সমর্থন টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তোলে।
দিনের খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা সকল দল, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই টুর্নামেন্ট যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটিদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ক্রীড়াচর্চার অন্যতম প্রধান মিলনমেলায় পরিণত হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button